কালজানি নদীতে মৃগী রোগীর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২১শে এপ্রিল ২০২৫ :-

আলিপুরদুয়ারের তোপসিখাতা গ্রাম পঞ্চায়েতের ঘুনঘুনি মোড় এলাকায় কালজানি নদীতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সোমবার সকালে নদীতে ডুবে মৃত্যু হয়েছে রতন রায় (৪০) নামে এক মৃগী রোগীর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কোনো কারণে রতনবাবু কালজানি নদীর ধারে গিয়েছিলেন। হঠাৎ করেই তিনি মৃগী রোগে আক্রান্ত হন এবং সকলের অগোচরে নদীতে পড়ে যান। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা মাঝ নদীতে তাঁর দেহ ভাসতে দেখে আলিপুরদুয়ার থানায় খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। রতন রায় তোপসিখাতার ঘুনঘুনি মোড় এলাকার বাসিন্দা ছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।