আলিপুরদুয়ারে চালু হলো জুভেনাল কোর্ট! আর ছুটতে হবে না জলপাইগুড়ি

রচিতা চক্রবর্তী, নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার, ১৬ মে ২০২৬: আলিপুরদুয়ার জেলাবাসীর জন্য অত্যন্ত স্বস্তির ও খুশির খবর। এবার খোদ জেলাতেই শুরু হলো জুভিনাল কোর্ট বা কিশোর আদালতের পথ চলা। শনিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন আদালতের শুভ উদ্বোধন করা হয়। এই যুগান্তকারী পদক্ষেপে জেলার আইনজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বইছে।
এদিনের এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক, জেলা আদালতের প্রধান বিচারপতি সহ অন্যান্য মান্যগণ্য বিচারপতি এবং আইনজীবীরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই আদালতের কাজ শুরু করা হয়। শনিবার থেকেই এই আদালতে পুরোদমে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে আলিপুরদুয়ার আলাদা জেলা হিসেবে আত্মপ্রকাশ করলেও এতদিন এখানে কোনো জুভিনাল কোর্ট ছিল না। ফলে নাবালক বা কিশোর অপরাধ সংক্রান্ত সমস্ত মামলার শুনানির জন্য পুলিশ প্রশাসন, আইনজীবী এবং সংশ্লিষ্ট পরিবারগুলিকে আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়িতে ছুটতে হতো। এর ফলে চরম ভোগান্তি পোহাতে হতো সকলকে। দীর্ঘ পথ যাতায়াতের কারণে যেমন প্রচুর সময় নষ্ট হতো, তেমনই সাধারণ মানুষের অর্থব্যয়ও হতো ব্যাপক।
এখন থেকে আলিপুরদুয়ার জেলা আদালতেই এই সমস্ত মামলার সমস্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে আর জলপাইগুড়ি যাওয়ার কোনো প্রয়োজন রইল না। আলিপুরদুয়ারের বুকেই এই নতুন জুভিনাল কোর্ট চালু হওয়ায় নাবালক সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় গতি আসবে এবং পরিকাঠামো আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। জেলার বিচার ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে এটিকে একটি অত্যন্ত বড় ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন জেলার বুদ্ধিজীবী মহল।