জংশন কালীবাড়িতে রেলের উচ্ছেদ নোটিশ: আতঙ্কিত বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের দ্বারস্থ সিপিআইএম | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ মে ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার রেল জংশন সংলগ্ন কালীবাড়ি কলোনিতে রেলের উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তৎপরতা। গত ১১ মে উচ্ছেদের নোটিশ পাওয়ার পর মঙ্গলবার রেল পুলিশের বিশাল বাহিনী এলাকায় গিয়ে মাইকিং করায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। আগামী সাত দিনের মধ্যে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে বুধবার আতঙ্কিত বাসিন্দাদের পাশে দাঁড়াতে এলাকায় পৌঁছালেন সিপিআইএম জেলা নেতৃত্ব।
এদিন সিপিআইএম-এর জেলা সম্পাদক কিশোর দাস, উদ্বাস্তু সেল ইউসিআরসি-র জেলা সভাপতি নারায়ণ রায় এবং সম্পাদক মৃণালকান্তি সেনগুপ্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। শতাধিক বাসিন্দা তাঁদের ঘিরে ধরে পুনর্বাসনের জন্য কাতর আর্জি জানান। এলাকা ঘুরে দেখার পর কিশোর দাস সাফ জানান, “রেলের ফাঁকা জমিতে ঠিক কী উন্নয়ন হবে তা আগে স্পষ্ট করতে হবে। উচ্ছেদের পর জমি ফাঁকা পড়ে থাকা আমরা মানব না।” তিনি আরও দাবি করেন, উচ্ছেদের জন্য কমপক্ষে ছয় মাস থেকে এক বছর সময় দিতে হবে এবং রেল বা জেলা প্রশাসনকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে শীঘ্রই জেলাশাসক ও ডিআরএম-এর কাছে স্মারকলিপি জমা দেবে বাম নেতৃত্ব।
এদিকে এই ইস্যুকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিজেপি-ও। জেলা বিজেপি সভাপতি মিঠু দাসের নেতৃত্বে প্রতিনিধি দল ইতিমধ্য়েই ডিআরএম দেবেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করেছেন। মিঠু দাস জানান, “আমরা বিষয়টি মানবিক দিক থেকে দেখার অনুরোধ করেছি, তবে সরকারি সম্পত্তি দখল করে থাকাও সমর্থনযোগ্য নয়।” অন্যদিকে তৃণমূল কংগ্রেস বাসিন্দাদের পাশে থাকার মৌখিক আশ্বাস দিলেও এখনও পর্যন্ত ময়দানে তাদের বিশেষ সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। সব মিলিয়ে ঘর হারানোর আশঙ্কায় দিন কাটছে কালীবাড়ি কলোনির কয়েকশ মানুষের।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!