নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ মে ২০২৬ :

রচিতা চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, আলিপুরদুয়ার, ১২ মে ২০২৬:
ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জংশন সংলগ্ন দক্ষিণ জিতপুর এলাকায়। এবার দুষ্কৃতীদের নিশানায় ছিল একটি পারিবারিক কালী মন্দির। সোমবার মধ্যরাতে মন্দিরের জানলা দিয়ে ঢুকে প্রতিমার গায়ে থাকা সোনা ও রুপোর অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোর।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ জিতপুর এলাকার বাসিন্দা যাদব অধিকারীর বাড়িতে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির সদস্যরা নিত্যপুজোর জন্য মন্দিরে গেলে চুরির বিষয়টি প্রথম নজরে আসে। দেখা যায়, প্রতিমার গায়ে থাকা অলঙ্কারগুলো উধাও। তড়িঘড়ি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলে দেখা যায়, সোমবার রাত ২টো ২৩ মিনিট নাগাদ এক দুষ্কৃতী মন্দিরে প্রবেশ করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, চোরটি মন্দিরের জানলা দিয়ে ভেতরে ঢোকে। এরপর প্রতিমার রুপোর মুকুট, হাতের রুপোর বালা এবং সোনার টিপসহ অন্যান্য গয়না লুট করে। বাজার চলতি দর অনুযায়ী যার আনুমানিক মূল্য প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা। গয়নাগুলো হাতানোর পর দুষ্কৃতীটি জানলা দিয়ে বেরিয়ে বাড়ির প্রাচীর টপকে পালিয়ে যায়।
বাড়ির মালিক যাদব অধিকারী ক্ষোভ প্রকাশ করে জানান, “এই নিয়ে আমাদের মন্দিরে পরপর তিনবার চুরির ঘটনা ঘটল। বাড়িতে বাইরের লোকের যাতায়াত নেই, তবে বাৎসরিক পুজোয় অনেক ভিড় হয়। হয়তো সেই সুযোগেই কেউ রেইকি করে গিয়েছিল।” মঙ্গলবার সকালেই আলিপুরদুয়ার জংশন থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ হাতে নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। জংশন সংলগ্ন এলাকায় বারবার চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।