গৃহবধূকে ধ র্ষ ণের চেষ্টা, গ্রেফতার ১ অভিযুক্ত; চাঞ্চল্য আলিপুরদুয়ার জংশনের ইন্দিরা বস্তিতে | The 4th Column

নিজস্ব সংবাদদাতা, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৪ এপ্রিল ২০২৬:

আলিপুরদুয়ার জংশনের উত্তর জিৎপুর ইন্দিরা বস্তি এলাকায় এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া ও ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনার প্রেক্ষিতে আলিপুরদুয়ার জংশন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করলেও অন্য এক অভিযুক্ত বর্তমানে পলাতক।
ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ। নির্যাতিতার বয়ান অনুযায়ী, স্থানীয় দুই ব্যক্তি— কালী রাই ও সদানন্দ রাই (নাম পরিবর্তিত)— তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযুক্তরা প্রথমে ঘরের বাইরে থেকে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। মহিলা ঘর থেকে বের হতে অস্বীকার করলে অভিযুক্তরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অভিযোগ, ঘরে ঢুকেই কালী রাই ওই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে জাপটে ধরে শ্লীলতাহানি করার চেষ্টা করে। ধস্তাধস্তির জেরে মহিলার পোশাক ছিঁড়ে যায়।
মহিলার আর্তনাদ শুনে প্রতিবেশীরা তাঁকে বাঁচাতে ছুটে এলে অভিযুক্তরা তাঁদের ওপরও চড়াও হয়। উন্মত্ত দুই যুবক প্রতিবেশীদেরও বেধড়ক মারধর করে এবং তাঁদের জামাকাপড় ছিঁড়ে দেয় বলে জানা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে এবং স্থানীয়দের ভিড় বাড়তে থাকায় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। নির্যাতিতা দাবি করেছেন, ওই সময় চিৎকার না করলে এবং প্রতিবেশীরা না এলে তাঁকে ধর্ষণের শিকার হতে হতো। এমনকি ওই দুই ব্যক্তি এলাকার অন্য মহিলাদেরও দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে তাঁর অভিযোগ।
অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। রাতেই অভিযুক্ত কালী রাইকে গ্রেফতার করা হয়। তবে অপর অভিযুক্তের বাড়িতে পুলিশ হানা দিলে দেখা যায় বাড়ি তালাবন্ধ এবং সে পলাতক। পুলিশ ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। রবিবার তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দ্বিতীয় অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!