আলিপুরদুয়ার: পর্যটকদের জন্য সুখবর, গরুমারা ও জলদাপাড়ায় ফিরছে হাতি সাফারির অনলাইন বুকিং
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ১২ সেপ্টেম্বর ২০২৫ :
পর্যটন শিল্পের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতি সাফারির জন্য অনলাইনে বুকিং ব্যবস্থা পুনরায় চালু করছে বনদপ্তর। এই সিদ্ধান্তের ফলে পর্যটকরা এখন ঘরে বসেই হাতি সাফারির টিকিট বুক করতে পারবেন, যা পর্যটন শিল্পের জন্য একটি বড় স্বস্তির খবর। শুক্রবার উত্তরবঙ্গের বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল ভাস্কর জেভি এই ঘোষণা করেন।
গত ২৭ জানুয়ারি মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রবেশমূল্য মওকুফ করার পর হাতি ও জিপ সাফারির অনলাইন বুকিং বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে শুধুমাত্র অফলাইনে টিকিট বুকিং সম্ভব ছিল। এই অফলাইন ব্যবস্থার কারণে পর্যটকদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে কালোবাজারিও শুরু হয়েছিল বলে অভিযোগ ওঠে। এমনকি, হাতি সাফারি নিশ্চিত না হওয়ায় আসন্ন পর্যটন মরসুমে বুকিং-এ ধস নামার আশঙ্কা তৈরি হয়েছিল।
পর্যটন ব্যবসায়ীদের ক্রমাগত আবেদনের পর বনদপ্তর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে হাতি সাফারির জন্য অনলাইন বুকিং ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। ১৬ সেপ্টেম্বর থেকে নতুন পর্যটন মরশুম শুরু হচ্ছে। গরুমারায় ৪টি এবং জলদাপাড়ায় ৭টি কুনকি হাতি সাফারির জন্য প্রস্তুত থাকবে।
যদিও জিপ সাফারির ক্ষেত্রে এখনই অনলাইন বুকিং চালু হচ্ছে না বলে বনদপ্তর জানিয়েছে। তবে হাতি সাফারিতে অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় পর্যটন সংস্থাগুলো স্বাগত জানিয়েছে। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, “এটা দারুণ খবর। আমরা আশা করি, জিপ সাফারির ক্ষেত্রেও অচিরেই অনলাইন ব্যবস্থা চালু করা হবে।” মুখ্য বনপাল জানিয়েছেন, জিপ সাফারি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।