নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ এপ্রিল ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: বুনো হাতির হামলায় এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আলিপুরদুয়ার ১ ব্লকের যোগেন্দ্রনগর গ্রাম। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বনকর্মী ও পুলিশের সঙ্গে গ্রামবাসীদের দফায় দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা আরও চরম আকার ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ বাড়ির সামনের জমিতে ছাগল বাঁধতে গিয়েছিলেন শচীবালা দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধা। সে সময় ভুট্টা খেতের ভেতর ঘাপটি মেরে থাকা একটি দলছুট দাঁতাল আচমকা তাঁর ওপর হামলা চালায়। হাতিটি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার বেশ কিছুক্ষণ পরেও বনকর্মীরা না আসায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরবর্তীতে সোনাপুর ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করতে এলে উত্তেজনা বাড়ে। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখামাত্রই বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, “এখানে ভোট নেই, তবে কেন কেন্দ্রীয় বাহিনী?” এরপরই জওয়ানদের লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় এবং জনরোষের মুখে জওয়ানরা প্রায় ২০০ মিটার পিছিয়ে যেতে বাধ্য হন।
বিক্ষোভের আঁচ পড়ে বনকর্মীদের ওপরও। দু’জন বনকর্মীকে উত্তেজিত জনতা মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনাপুর ফাঁড়ির ওসি মিংমা শেরপা। পরে জলদাপাড়ার রেঞ্জ অফিসাররা এসে উত্তেজিত জনতার সঙ্গে কথা বলেন। বন দপ্তরের পক্ষ থেকে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনকে চাকরির আশ্বাস দেওয়া হলে বেলা ১১টা নাগাদ পরিস্থিতি কিছুটা শান্ত হয়। জলদাপাড়া বনবিভাগের ডিএফও পারভীন কাসোয়ান জানান, নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে বন দপ্তর। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে।