ভুটানের জাল নোট দিয়ে মোবাইল কিনতে এসে গ্রেপ্তার যুবক | The 4th Column

ভুটানের জাল নোট দিয়ে মোবাইল কিনতে এসে গ্রেপ্তার যুবক
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ৩০শে এপ্রিল ২০২৫ :-

— প্রতীকী ছবি

প্রতিবেশী দেশ ভুটানের জাল মুদ্রা ব্যবহার করে একটি নতুন মোবাইল ফোন কিনতে এসে পুলিশের জালে ধরা পড়লেন এক যুবক। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ আলিপুরদুয়ার জেলার জয়গাঁ শহরের ভগৎ সিং নগরের একটি মোবাইল ফোনের দোকানে এই ঘটনা ঘটে। ধৃত যুবকের নাম কল্যান রায় এবং তিনি কুমারগ্রাম ব্লকের বড় দলদলির বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, কল্যান রায় রবিবার রাতে ভগৎ সিং নগরের একটি মোবাইল দোকানে যান এবং একটি নতুন মোবাইল কেনার পর ভুটানের মুদ্রা দিয়ে দাম পরিশোধ করার চেষ্টা করেন। দোকানদার নোটগুলি দেখেই সন্দেহ করেন এবং তৎক্ষণাৎ জয়গাঁ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কল্যান রায়কে গ্রেপ্তার করে। এরপর তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ৫০০ টাকার নোটের আকারে মোট ১ লক্ষ ২০ হাজার ভুটানি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
সোমবার ধৃত কল্যান রায়কে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়। পুলিশ এই ঘটনার তদন্তের জন্য তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।
জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী জানিয়েছেন, ধৃতের সঙ্গে আন্তর্জাতিক জাল নোট পাচার চক্রের কোনো যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং খুব শীঘ্রই বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা যাচ্ছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভুটানের জাল নোটের কারবার নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার শিকড়ে পৌঁছাতে সবরকম চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!