জয়গাঁয় ভুটানি নাগরিকের রহস্যমৃত্যু, বাথরুম থেকে উদ্ধার পচাগলা দেহ | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ মে ২০২৬ :

জয়গাঁয় ভুটানি নাগরিকের রহস্যমৃত্যু, বাথরুম থেকে পচাগলা দেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁয় এক ভুটানি নাগরিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। আলিপুরদুয়ার জেলার এই ঘটনায় এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ইয়েসী দাইজি (৩৮)। তিনি জয়গাঁর একটি বাড়িতে একা ভাড়া থাকতেন। রবিবার তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত তিনদিন ধরে ইয়েসী দাইজিকে এলাকায় দেখতে পাননি বাড়ির মালিক। দীর্ঘদিন তাঁর কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির মালিকের মনে সন্দেহের দানা বাঁধে। গতকাল তিনি ইয়েসীর ঘরের দিকে খোঁজ নিতে যান। কিন্তু ঘরের ভেতর তাঁর কোনো হদিস মেলেনি। এরপর ঘরের ওপর তলায় ইয়েসীর ব্যবহারের বাথরুমে খুঁজতে যান বাড়ির মালিক। সেখানে দরজা খুলতেই তিনি ইয়েসীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
প্রাথমিক অনুমান, বিগত দু-তিন দিন ধরে দেহটি সেখানে পড়ে থাকায় তা পচতে শুরু করেছিল এবং চারপাশে প্রচুর মাছি ভনভন করছিল। এই হাড়হিম করা দৃশ্য দেখে বাড়ির মালিক তৎক্ষণাৎ স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, ইয়েসী দাইজি বেশ কিছুদিন ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। কিছুদিন আগেই তাঁর বিবাহবিচ্ছেদ ঘটেছিল। তবে ঠিক কী কারণে তাঁর এই পরিণতি হলো, তা এখনো স্পষ্ট করে বলতে পারছে না তাঁর পরিবার। কালচিনি থানার পুলিশ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক ও প্রকৃত কারণ জানা যাবে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!