জারুল রাভা, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১৪ মে ২০২৬ :-

নদী থেকে অবৈধভাবে বালি লুট রুখতে কঠোর অবস্থানে নামল আলিপুরদুয়ার জেলার জটেশ্বর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ অঞ্চল এলাকায় অতর্কিত অভিযান চালিয়ে বালি পাচারের অভিযোগে একটি ট্র্যাক্টর আটক করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে চালককেও। পুলিশের এই আকস্মিক পদক্ষেপে পাচারকারীদের মধ্যে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিন ধরেই স্থানীয়দের অভিযোগ ছিল যে, রাতের অন্ধকারের পাশাপাশি দিনের আলোতেও নদীর চর থেকে দেদার বালি তোলা হচ্ছে। এর ফলে নদীগর্ভ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একদল পাচারকারী এই চক্র সক্রিয় রেখেছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার জটেশ্বর ফাঁড়ির পুলিশ এলাকায় হানা দেয়। সেই সময় বালি বোঝাই একটি ট্র্যাক্টরকে হাতেনাতে ধরে ফেলে বাহিনী। চালক পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেআইনি বালি ব্যবসার সাথে কোনো আপস করা হবে না। তিনি বলেন, “শুক্রবার ধৃত ব্যক্তিকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হবে। যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু ধনীরামপুর নয়, ব্লকের অন্যান্য সংবেদনশীল এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।
বাসিন্দাদের মতে, এই ধরণের সক্রিয় অভিযান জারি থাকলে পরিবেশ রক্ষা পাওয়ার পাশাপাশি এলাকার শান্তি বজায় থাকবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরণের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।