অমৃত ভারত প্রকল্পে জলপাইগুড়ি রোড স্টেশনের উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত রেল সেতু পরিদর্শন ডিআরএম-এর | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, 30 মার্চ ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রেল পরিষেবার মানোন্নয়ন এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে জোর দিতে আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড স্টেশন ও সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন ডিআরএম দেবেন্দ্র সিং। সোমবার অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চলমান উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ দুটি রেল সেতুর পুনর্নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি।
এদিন ডিআরএম-এর সঙ্গে ছিলেন এডিআরএম এস. কামেই, সিনিয়য় ডিইএন (কোঅর্ডিনেশন) এল. এন. গামিডি, সিনিয়র ডিসিএম আসিফ আলি সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি জলপাইগুড়ি রোড স্টেশনের সার্কুলেটিং এরিয়া, প্ল্যাটফর্মের সারফেসিং এবং নির্মীয়মাণ ফুট ওভার ব্রিজের কাজের গুণমান ও গতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্টেশনের আধুনিকীকরণের কাজ যাতে দ্রুত শেষ হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় নির্দেশ দেন দেবেন্দ্র সিং।
স্টেশন পরিদর্শনের পর ডিআরএম আলতাগ্রাম ও বেতগাড়া স্টেশনের মধ্যবর্তী ৫৮ ও ৫৯ নম্বর রেল সেতুর কাজ পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ২০২৫ সালের ৩ অক্টোবর প্রবল বৃষ্টির কারণে জলঢাকা নদীর উপর অবস্থিত এই সেতু দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার ফলে নিউ কোচবিহার ও জলপাইগুড়ি রোডের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ট্রেনগুলি মাথাভাঙা রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ দশ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ১২ অক্টোবর পুনরায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে ৫৯ নম্বর সেতুর গাইড বাঁধের কাজ এবং ৫৮ নম্বর সেতুর পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বের সাথে করা হচ্ছে। ডিআরএম জানান, এই রেল সেকশনে ট্রেন চলাচল আরও মসৃণ ও নিরাপদ করতে এই প্রকল্পগুলি দ্রুত শেষ করা অপরিহার্য। রেলের এই তৎপরতায় এলাকার নিত্যযাত্রীরা দ্রুত ও উন্নত পরিষেবার আশা দেখছেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!