নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ এপ্রিল ২০২৬ :
নিজস্ব প্রতিবেদক, জলদাপাড়া, আলিপুরদুয়ার, ১৮ এপ্রিল ২০২৬ :
২০২৬-এর নির্বাচনী মরসুমে বনের গভীরে থাকা বুথগুলির নিরাপত্তা ও সুষ্ঠু ভোটদান নিশ্চিত করতে কোমর বেঁধে নামল জলদাপাড়া বনবিভাগ। জাতীয় উদ্যানের অভ্যন্তরে এবং বনসংলগ্ন গ্রামগুলিতে ভোট পরিচালনার জন্য বনদপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা।
জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসওয়ান জানিয়েছেন, এবার জলদাপাড়া ন্যাশনাল পার্কের একেবারে গভীর জঙ্গলের ভেতরে থাকা ৬টি বুথকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এই বুথগুলিতে পৌঁছানোর জন্য পোলিং পার্টি বা নির্বাচনী কর্মীদের বিশেষ বনকর্মী বাহিনীর ‘এসকর্ট’ দেওয়া হবে, যাতে যাতায়াতের পথে বন্যপ্রাণীর হামলার কোনো আশঙ্কা না থাকে। এছাড়াও উদ্যান সংলগ্ন বনবস্তি বা ফ্রিঞ্জ ভিলেজ এলাকায় আরও ১২৪টি বুথ রয়েছে। এই সমস্ত বুথের যাবতীয় তথ্য এবং ভৌগোলিক অবস্থান ইতিমধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভোটের দিন এবং তার আগে বন্যপ্রাণী ও মানুষের সংঘাত এড়াতে বনদপ্তর ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ডিএফও জানান, প্রতিটি বুথের জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে এবং তাঁদের যোগাযোগের নম্বরও শেয়ার করা হয়েছে। ওই আধিকারিকরা নিয়মিত বুথগুলি পরিদর্শন করবেন এবং নির্বাচনী কর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখবেন। শান্তিতে ভোট করানোর জন্য মানুষ এবং পোলিং পার্টিকে সব ধরনের সহযোগিতা করবে বনদপ্তর।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাদারিহাটে একটি কুইক রেসপন্স টিম (QRT) ২৪ ঘণ্টা মোতায়েন থাকবে। পাশাপাশি একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম সক্রিয় রাখা হয়েছে। যদি কোনও এলাকায় হাতি বা অন্য কোনও বন্যপ্রাণীর উপস্থিতির কারণে ভোটদান বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তবে দ্রুত সেই কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। সব মিলিয়ে দুর্গম জঙ্গলের ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নিশ্চিত করতে নিশ্ছিদ্র বলয় তৈরি করেছে জলদাপাড়া বনবিভাগ।