জলদাপাড়ায় গন্ডার নিধন চক্রের কিংপিন রিকচ নার্জিনারির ৪ বছরের কারাদণ্ড | The 4th Column

জলদাপাড়ায় গন্ডার নিধন চক্রের কিংপিন রিকচ নার্জিনারির ৪ বছরের কারাদণ্ড
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৫ই এপ্রিল, ২০২৫:

২০১৪ সাল থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে একের পর এক গন্ডার নিধনের মূল চক্রী রিকচ নার্জিনারিকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আলিপুরদুয়ারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। কুখ্যাত এই চোরা শিকারি ডেভিড গুইট ও দামড়া নামেও পরিচিত ছিল। একইসঙ্গে তার গ্যাঙের আরও তিন সক্রিয় সদস্য বরুন রায়, পরেশ রায় এবং রঞ্জিত রায়কেও একই সাজা শুনিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।
বনদপ্তর সূত্রে খবর, রিকচ নার্জিনারির সরাসরি যোগ ছিল আন্তর্জাতিক বন্যপ্রাণী দেহাংশ পাচারকারী মাফিয়াদের সঙ্গে। দীর্ঘ তদন্তের পর, গত বছর ২০২৪ সালের মার্চ মাসে জেলা পুলিশের সহায়তায় অসমের কামরূপ থেকে এই কুখ্যাত গন্ডার হত্যাকারীকে গ্রেপ্তার করে জলদাপাড়া বনবিভাগ।
তদন্তে আরও জানা যায়, এই গ্যাংটিকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সরবরাহ করত লুকাস বসুমাতারি নামে এক ব্যক্তি। বনদপ্তর ইতিপূর্বেই তাকে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে সে ছয় বছরের কারাদণ্ড ভোগ করছে। অন্যদিকে, এই দলের শার্প শুটার লেকেন বসুমাতারি ২০২৪ সালে সাজা ভোগ করার সময় অসুস্থ হয়ে মারা যায়।
তবে রিকচ নার্জিনারির বিরুদ্ধে আরও একটি পৃথক মামলা জলপাইগুড়ি জেলা আদালতে বিচারাধীন রয়েছে, যা গরুমারা জাতীয় উদ্যানে গন্ডার হত্যার সঙ্গে জড়িত।
বনদপ্তরের দাবি, এই গন্ডার শিকারী চক্রের প্রত্যেক সদস্যকে গ্রেপ্তার করে কারাবাসে পাঠানোয় উত্তরবঙ্গের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে দাঁতাল হাতি ও গন্ডার হত্যার ঘটনা বর্তমানে প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। গত এক দশকে উত্তরবঙ্গে হাতি ও গন্ডার নিধনের যত ঘটনা ঘটেছে, প্রায় প্রতিটিতেই রিকচের দলের জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ পেয়েছে বনদপ্তর।
জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান এই রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে বলেন, “এই মুহূর্তে পুরো দলটিকে আমরা আইনের আওতায় এনে সাজা ভোগ করতে বাধ্য করেছি। এটাই আমাদের বড় সাফল্য। তবে নতুন করে চোরা শিকারিদের কোনো দল যাতে গড়ে উঠতে না পারে সেদিকে আমাদের কড়া নজর থাকবে।”
বনদপ্তরের এই সাফল্য উত্তরবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে বনকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এই কুখ্যাত চক্রের পর্দাফাঁস এবং তাদের শাস্তি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পরিবেশপ্রেমী মহল।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!