নিউজডেস্ক , দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২১ মার্চ ‘ ২০২৫ :-

জলদাপাড়া জাতীয় উদ্যানের পশ্চিম রেঞ্জের তোর্সা এক নম্বর কম্পার্টমেন্টের সংরক্ষিত জঙ্গলে গণ্ডারের হামলায় মৃত্যু হয়েছে ধীরেন রায় (৭৫) নামে এক বৃদ্ধের। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, ধীরেনবাবু গোরু আনতে জঙ্গলে গিয়েছিলেন। সেই সময় গণ্ডারের হানায় তাঁর বুক-পেট চিরে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন।
জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণী সংরক্ষক নভজিৎ দে বলেন, “এমনিতেই জঙ্গলে ঢোকা নিষিদ্ধ। তার উপর ৭৫ বছরের এক বৃদ্ধকে কীভাবে তাঁর বাড়ির লোক গোরু আনতে জঙ্গলে পাঠালো তা কিছুতেই আমাদের মাথায় আসছে না। সংরক্ষিত জঙ্গলে ঢোকার জন্য মৃতের পরিবারকে কোন সরকারি ক্ষতিপূরণ দেওয়া যাবে না।”
এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।