জলদাপাড়া জাতীয় উদ্যানে পাঙ্গোলিনের আঁশ ও চামড়া সহ ভুটানের নাগরিক গ্রেপ্তার
নিউজ ডেস্ক , দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৯শে মার্চ, ২০২৫:

জলদাপাড়া জাতীয় উদ্যানের পশ্চিম রেঞ্জের আধিকারিকের নেতৃত্বে বন দফতরের একটি দল আজ আলিপুরদুয়ার থেকে বিপুল পরিমাণ পাঙ্গোলিনের আঁশ ও চামড়া সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি ভুটানের নাগরিক এবং তার নাম দেওবাহাদুর লিম্বু ওরফে গোবর্ধন লিম্বু), পিতার নাম বি.বি. সুব্বা, বয়স আনুমানিক ৪৮ বছর। তিনি ভুটানের সামতসে জেলার গোমতু ব্লকের কালাপানি বস্তির বাসিন্দা।

বন দফতর সূত্রে খবর, গত কয়েক মাস ধরে এমন অভিযোগ আসছিল যে ভুটানের কিছু লোক প্রায়শই জাতীয় উদ্যানের সংলগ্ন গ্রামগুলিতে আসছে এবং বন্যপ্রাণী সংক্রান্ত অবৈধ কারবারে লিপ্ত হচ্ছে।
এই তথ্যের ভিত্তিতে বন দফতরের একটি বিশেষ দল পরিস্থিতির উপর নজর রাখছিল। আজ গোপন সূত্রে বন্যপ্রাণী দেহাংশ কেনাবেচার খবর পেয়ে দলটি দ্রুত অভিযান চালায় এবং দেওবাহাদুর লিম্বুকে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে পাঙ্গোলিনের আঁশ ও চামড়া উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখছে বন দফতর। এই গ্রেপ্তারের ফলে আন্তঃদেশীয় বন্যপ্রাণী পাচার চক্রের পর্দা ফাঁস হতে পারে বলে মনে করছেন বন আধিকারিকরা।