আলিপুরদুয়ারে জলদাপাড়ায় গন্ডারের হামলায় ঠাকুমা ও নাতনির মর্মান্তিক মৃত্যু
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১৯শে মে :

জলদাপাড়া জাতীয় উদ্যানের কোদালবস্তি রেঞ্জে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। জঙ্গলে মাছ ধরতে গিয়ে গন্ডারের হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ঠাকুমা ও নাতনি। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় ।
মৃতদের নাম আপেদ রাভা (৬১) এবং তাঁর নাতনি তবিতা রাভা (২৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে তাঁরা ঝাঁকি জাল নিয়ে বাড়ির কাছেই জঙ্গলের লাগোয়া নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় আচমকা একটি গন্ডার তাঁদের উপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, গন্ডারটি অতর্কিতে আক্রমণ করলে দুজনেই গুরুতর জখম হন। ঘটনাস্থলেই আপেদ রাভার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তবিতা রাভাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই মর্মান্তিক ঘটনায় কোদালবস্তি এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। বন দপ্তর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বনকর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।
এবং এই ঘটনা ফের প্রমাণ করলো যে, জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের জীবন কতটা ঝুঁকিপূর্ণ। বন্যপ্রাণীর হানায় এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকাবাসী গভীরভাবে শোকাহত। বন দপ্তর, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।