কূয়োয় পড়ে অসুস্থ, জলদাপাড়ায় পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই হলো গুলবাঘের
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১ সেপ্টেম্বর ২০২৫ :-
মালবাজারের মেটেলি ব্লকের ইংডং চা বাগানের শ্রমিক আবাসনের একটি কুয়োয় পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া একটি আট বছর বয়সী পুরুষ গুলবাঘকে জলদাপাড়ার দক্ষিণ খয়েরবাড়ি লেপার্ডপুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ সময় ধরে জলের মধ্যে থাকার কারণে গুলবাঘটির জ্বর এসেছে। এই অবস্থায় এটিকে প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়ার ঝুঁকি নিতে চাননি বন কর্মকর্তারা।
ঘটনাটি ঘটেছিল ইংডং চা বাগানে, যেখানে শিকার ধরতে গিয়ে একটি গভীর কুয়োয় পড়ে যায় গুলবাঘটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনবিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গুলবাঘটিকে উদ্ধার করে। কিন্তু জলের মধ্যে অতিরিক্ত সময় থাকার কারণে গুলবাঘটি দুর্বল এবং অসুস্থ হয়ে পড়ে।
প্রথমে গুলবাঘটিকে গরুমারা বনবিভাগের তত্ত্বাবধানে রাখা হলেও, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এটিকে জলদাপাড়া বনবিভাগের দক্ষিণ খয়েরবাড়ি লেপার্ড পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে, সেখানকার কেয়ারটেকার পার্থসারথি সিনহা গুলবাঘটির সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন নিচ্ছেন। তাকে হালকা খাবার, জল ও ওষুধ দেওয়া হচ্ছে।
জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান জানান, “আমরা আশা করছি লেপার্ডটি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আপাতত তার মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।” বন কর্মকর্তারা নিয়মিত গুলবাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং এটি সম্পূর্ণ সুস্থ হলেই এটিকে আবার তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।