জলদাপাড়ায় হাতির হানায় যুবকের মর্মান্তিক মৃত্যু, বন দফতরের ক্ষতিপূরণের আশ্বাস
নিউজ ডেস্ক, ফালাকাটা, আলিপুরদুয়ার, ৭ই মে ২০২৫ :-

রাতের খাওয়া সেরে ঠাকুমার কাছে ঘুমোতে যাওয়ার পথে বুনো হাতির সামনে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক যুবক। সোমবার রাত এগারোটা নাগাদ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন খাঁউচাঁদপাড়া এলাকার তিনবিঘি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম প্রসেঞ্জিৎ বর্মন, বয়স মাত্র ২৪ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিনটি হাতির একটি দল খাঁউচাঁদ পাড়ায় ঢুকে পড়েছে, এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। বনকর্মীদের তাড়া খেয়ে দুটি হাতি তৎক্ষণাৎ জঙ্গলে ফিরে গেলেও, একটি হাতি দলছুট হয়ে গ্রামের ভেতরেই থেকে যায়। সেই সময়ই দুর্ভাগ্যজনকভাবে প্রসেনজিৎ বর্মন ওই দলছুট হাতির মুখোমুখি হয়ে পড়েন। ক্ষিপ্ত হাতিটি মুহূর্তের মধ্যে যুবককে মাটিতে ফেলে দিয়ে তার মাথা পিষে দেয়।
গুরুতর আহত অবস্থায় প্রসেনজিৎ বর্মনকে স্থানীয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণ সহায়ক নভোজিৎ দে এই ঘটনার সত্যতা স্বীকার করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, “হাতির মুখোমুখি হয়ে পড়ায় অত্যন্ত মর্মান্তিক পরিণতির শিকার হতে হয়েছে ওই যুবককে। বন দফতরের পক্ষ থেকে সরকারি নিয়ম মেনে মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও, যদি পরিবারে উপযুক্ত কেউ থাকেন, তবে তাঁর চাকরির বন্দোবস্ত করারও চেষ্টা করা হবে।”
বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের আরও সতর্ক থাকার এবং বন্যপ্রাণীর আনাগোনার খবর পাওয়া মাত্রই বন দফতরকে জানানোর অনুরোধ করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা ফের একবার জঙ্গল লাগোয়া এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের ভয়াবহতাকে তুলে ধরল।