স্বস্তিতে জলদাপাড়া: প্যাঙ্গোলিনের আঁশ ও চামড়া পাচারকারীর ৩ বছরের কারাদণ্ডাদেশ
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ :
জলদাপাড়া জাতীয় উদ্যান বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ দমনে আরও একটি বড় সাফল্য পেল। পাচারকারীকে দ্রুততম সাজার নজির গড়ল জলদাপাড়া বন দফতর।
গত মার্চ মাসে জলদাপাড়ার একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে ভুটানের সামতসে জেলার বাসিন্দা দেওবাহাদুর লিম্বু (৪৮)-কে গ্রেফতার করেছিল। আলিপুরদুয়ার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তের কাছ থেকে ২.২৩৪ কেজি প্যাঙ্গোলিনের আঁশ এবং একটি প্যাঙ্গোলিনের চামড়া উদ্ধার করা হয়। রেঞ্জ অফিসার, জলদাপাড়া পশ্চিম রেঞ্জের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বন দফতর সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে খবর আসছিল যে ভুটান থেকে কিছু ব্যক্তি নিয়মিতভাবে জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী গ্রামগুলিতে বন্যপ্রাণী সামগ্রীর ব্যবসা করতে আসছে। সেই তথ্যের ভিত্তিতেই এই গ্রেফতারি।
তদন্তকারী অফিসার শ্রী অয়ন চক্রবর্তীর দ্রুত তদন্ত এবং আইনি প্রক্রিয়ার ফলে সম্প্রতি আলিপুরদুয়ারের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত অভিযুক্তকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫,০০০ টাকা জরিমানা ধার্য করেছে। এটিকে এই অঞ্চলে বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে অন্যতম দ্রুততম সাজা বলে মনে করা হচ্ছে।
এই ঘটনা বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা রোধে জলদাপাড়া জাতীয় উদ্যানের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ।