ইটখোলা বাঁধের রহস্যমৃত্যুর কিনারা, পুলিশের জালে গা ঢাকা দেওয়া ৫ অভিযুক্ত | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ এপ্রিল ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের ইটখোলা বাঁধ এলাকায় যুবক কানাই পাসওয়ানের চাঞ্চল্যকর মৃত্যু মামলায় বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। গত ২৪ এপ্রিল কানাইয়ের মৃতদেহ উদ্ধারের পর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। অবশেষে রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে চারজনকে বারবিশা এবং একজনকে বাদল নগর এলাকা থেকে পাকড়াও করা হয়েছে।
ধৃতরা হলো বিধান পল্লীর সাগর ঘোষ (৩০) ও বিকাশ দাস ওরফে পাপন (২৭) এবং বালিকা শিক্ষা মন্দির রোড এলাকার বাসিন্দা দেবজিৎ দে (৩০), রঞ্জিত দে ওরফে কিট্টু (২৫) ও অভিজিৎ দে (৩৪)। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা প্রত্যেকেই মাদক কারবারের সঙ্গে যুক্ত এবং ঘটনার দিন থেকেই তারা আত্মগোপন করেছিল।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাতে কানাই পাসওয়ান বাড়ি ফেরেননি। পরদিন ইটখোলা বাঁধ এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। পরিবারের অভিযোগ ছিল, কানাইয়ের পরিচিত বন্ধুরাই তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে পরিকল্পিতভাবে খুন করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ ছিল, এলাকায় মাদকের রমরমা কারবার চললেও পুলিশ নিষ্ক্রিয়। পরিবারের পক্ষ থেকে থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ।
তদন্তকারী অফিসাররা অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৩(২) ও ৩(৫) ধারায় মামলা রুজু করেছেন। সোমবার অভিযুক্তদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হলে বিচারক বিকাশ দাস এবং রঞ্জিত দে-কে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাকি তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ মনে করছে, এই খুনের ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে এবং তাদের খোঁজেও তল্লাশি জারি রাখা হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!