আলিপুরদুয়ারে নাকা তল্লাশিতে উদ্ধার ৫০ লক্ষ টাকার বার্মিজ সেগুন কাঠ, যোগীর রাজ্যের লরি আটক | The 4th Column

আলিপুরদুয়ারে নাকা তল্লাশিতে উদ্ধার ৫০ লক্ষ টাকার বার্মিজ সেগুন কাঠ, যোগীর রাজ্যের লরি আটক
নিউজ ডেস্ক,দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ১৮ই এপ্রিল ২০২৫:-

বনদপ্তরের নাকা তল্লাশিতে ফের বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার হল আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার রাতে জেলার নিমতি এলাকায় ৩১/সি জাতীয় সড়কে তল্লাশি চালানোর সময় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের বার্মিজ সেগুন কাঠ উদ্ধার করেন বনকর্মীরা। কাঠ বোঝাই একটি ষোল চাকার লরি আটক করা হয়েছে, যার রেজিস্ট্রেশন নম্বর উত্তরপ্রদেশের।
বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে খবর, কাঁচের বোতলের আড়ালে অবৈধ কাঠগুলি অসম থেকে অন্যত্র পাচার করা হচ্ছিল। তবে বনদপ্তরের কর্মীরা তল্লাশির জন্য লরিটিকে থামালে চালক ও তার সহকারী সুযোগ বুঝে পালিয়ে যায়।
বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে এই বিষয়ে জানান, “গোপন সূত্রে খবর পেয়ে নিমতি এলাকায় নাকা তল্লাশি চালানো হয়। সেই সময় অবৈধ ভাবে কাঠ পাচারের অভিযোগে লরিটিকে আটক করে তল্লাশি চালাতেই প্রচুর পরিমাণ বার্মিজ সেগুন কাঠ উদ্ধার হয়। লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
তিনি আরও জানান, পলাতক চালক ও তার সহকারীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিপুল পরিমাণ বার্মিজ সেগুন কাঠ কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করছেন বনদপ্তরের আধিকারিকরা।
উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলায় এর আগেও বহুবার অবৈধ কাঠ উদ্ধার হয়েছে। বনদপ্তরের এই সাফল্যে চোরাকারবারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও, কাঠ পাচারের রুট এবং পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। জাতীয় সড়কের উপর নাকা তল্লাশি আরও জোরদার করা হবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!