আলিপুরদুয়ারে উদ্ধার ১ কোটি ৭৫ লক্ষ টাকার অরুণাচলের অবৈধ মদ | The 4th Column

নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৩ মার্চ ‘ ২০২৫ :-

অবৈধ মদের কারবারে বড়সড় ধাক্কা আলিপুরদুয়ারে। শনিবার রাতে আলিপুরদুয়ারের কালচিনি থানার ৩১/সি জাতীয় সড়কের ধারে নিমতি চৌপথি এলাকায় ১ কোটি ৭৫ লক্ষ টাকার অবৈধ মদ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। অরুণাচল প্রদেশ থেকে আনা মদের একটি বড় চালান উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া অবৈধ মদের বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা।
স্থানীয় নিমতি চৌপথি এলাকার একটি পেট্রোল পাম্পে গত দুদিন ধরে একটি ষোলো চাকার লরিকে রহস্যজনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবগারি আধিকারিকদের সন্দেহ হওয়ায় লরিটিকে তল্লাশি করা হয়। লরির সহকারী চালককে জেরা করা হলে, তিনি প্রথমে দাবি করেন লরিতে সিমেন্টের ব্লক রয়েছে। কিন্তু, জেরার মুখে তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর লরিটি জয়গাঁর আবগারি দপ্তরের অফিসে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। সেখানেই উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ। সিমেন্টের ব্লকের আড়ালে মদের কার্টনগুলি এমনভাবে রাখা ছিল, যাতে বাইরে থেকে কিছুই বোঝা না যায়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মদ হাসিমারা ও জলপাইগুড়ির নাগরাকাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া অবৈধ মদের বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা। এই ঘটনায় লরির সহকারী চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে লরির মূল চালক ও এক বিক্রেতার এখনও খোঁজ মেলেনি। আবগারি আধিকারিকদের অনুমান, শুল্ক ফাঁকি দিয়ে ভুটান ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গে মদের অবৈধ কারবার চালাচ্ছে কিছু অসাধু চক্র। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হাসিমারা ও নাগরাকাটার অবৈধ মদের কারবারিদের খোঁজ চালাচ্ছে আবগারি দপ্তর।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!