আলিপুরদুয়ারে পুলিশের অভিযান: উদ্ধার ৬০ লিটার চোলাই মদ, ভেঙে দেওয়া হলো ভাটি | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ। সোমবার পুলিশ শামুকতলা থানার অন্তর্গত বানিয়ে গাঁও এলাকায় অতর্কিত হানা দেয়। এই অভিযানে প্রায় ৬০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং অবৈধ মদ তৈরির ভাটিটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়েই সোমবার বানিয়ে গাঁও এলাকায় এই অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায় অবৈধ মদ তৈরির কারবারিরা। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন শামুকতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আজেন মিঞ্জ। তিনি বলেন, ‘এই ধরনের অবৈধ মদ এলাকার মানুষের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করছে। বিশেষ করে একটি নির্দিষ্ট শ্রেণির মানুষ দিনের পর দিন মদ্যপানে আসক্ত হয়ে পড়ছেন। আমরা চাই অবৈধ মদের কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই লাগাতার অভিযান জারি থাকুক।’ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে অপরাধমুক্ত ও স্বাস্থ্যকর রাখতে এ ধরনের অভিযান আগামী দিনেও নিয়মিত চালানো হবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!