আলিপুরদুয়ারে লাইসেন্স করা পিস্তল দেখিয়ে ভয় দেখানো, গ্রেপ্তার প্রাক্তন এসএসবি জওয়ান | The 4th Column

আলিপুরদুয়ারে লাইসেন্স করা পিস্তল দেখিয়ে ভয় দেখানো, গ্রেপ্তার প্রাক্তন এসএসবি জওয়ান
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৭ সেপ্টেম্বর ২০২৫ :

— পুলিশের গাড়িতে অভিযুক্ত মাখম রায়

লাইসেন্স করা পিস্তল ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো অভিযোগে এক অবসরপ্রাপ্ত এসএসবি জওয়ানকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার পুলিশ। অভিযুক্তের নাম মাখম রায় (নাম পরিবর্তিত)। তিনি আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়া চৌপথির বাসিন্দা।

জানা গেছে, শনিবার গভীর রাতে তিনি তাঁর এক বান্ধবীর সঙ্গে দেখা করতে আলিপুরদুয়ার এক ব্লকের সোনারপুরের কামারপাড়ায় গিয়েছিলেন। কিন্তু ওই সময় বান্ধবী বাড়িতে ছিলেন না; তাঁর মা একাই ছিলেন।
অপরদিকে, এক অচেনা যুবককে গভীর রাতে এলাকার বাড়িতে ঢুকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় এবং তারা সেখানে ভিড় জমান। অভিযোগ, ভিড় দেখে মাখম রায় তাঁর কোমরে রাখা পিস্তল বের করে লোকজনকে ভয় দেখাতে শুরু করেন। এতে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি ওই মহিলাকে অপহরণের চেষ্টা করছেন। উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। আহত অবস্থায় কোনোক্রমে সেখান থেকে পালিয়ে মাখম রায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা করান এবং ব্যক্তিগত বন্ডে বাড়ি ফিরে যান।
তবে রবিবার সকালে তিনি আবার ওই বান্ধবীর বাড়িতে ফিরে এলে এলাকায় উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাঁকে ঘিরে ধরে আবার মারধর করে এবং পরে পুলিশে খবর দেয়। সোনাপুর ফাঁড়ির পুলিশ এসে তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার থানায় নিয়ে যায়।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার বিকেলে মাখম রায়কে গ্রেপ্তার করা হয় এবং তাঁর লাইসেন্স করা পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে, মাখম রায় ওই বান্ধবীর পেছনে কোনরূপ টাকা ঢেলেছিলেন কিনা এবং কী কারণে তিনি শনিবার গভীর রাতে কামারপাড়ায় গিয়েছিলেন।
আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী জানিয়েছেন, “লাইসেন্স প্রাপ্ত পিস্তল দিয়ে মানুষকে ভয় দেখানোর অভিযোগে ওই অবসরপ্রাপ্ত এসএসবি জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।” অন্যদিকে, আইনি জটিলতা এড়াতে স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!