আলিপুরদুয়ারে পরিত্যক্ত পোলট্রি ফার্ম থেকে উদ্ধার ৫টি তক্ষক, পাচারের ছক ভেস্তে দিল পুলিশ | The 4th Column

আলিপুরদুয়ারে পরিত্যক্ত পোলট্রি ফার্ম থেকে উদ্ধার ৫টি তক্ষক, পাচারের ছক ভেস্তে দিল পুলিশ
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৭ই এপ্রিল ‘ ২০২৫ :-

তক্ষক — প্রতীকী ছবি

সোমবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শামুকতলা হাটের চুরিপট্টি এলাকায়। স্থানীয় একটি পরিত্যক্ত পোলট্রি ফার্ম থেকে পুলিশ উদ্ধার করেছে পাঁচটি চোরাই তক্ষক। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ সূত্রে খবর, চুরিপট্টি এলাকার ধারসি নদীর ধারে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পোলট্রি ফার্মে একটি লোহার খাঁচার মধ্যে তক্ষকগুলিকে লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দুষ্কৃতীরা এই তক্ষকগুলিকে অন্যত্র পাচারের উদ্দেশ্যে এখানে এনে রেখেছিল। সুযোগ বুঝে সীমান্ত পেরিয়ে এই মূল্যবান প্রাণীগুলিকে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের।
শামুকতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই পরিত্যক্ত পোলট্রি ফার্মে অভিযান চালায় এবং খাঁচার মধ্যে বন্দি পাঁচটি তক্ষককে উদ্ধার করে। তক্ষকগুলি উদ্ধারের পর এদিনই সেগুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
বনদপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই চোরাকারবারের সঙ্গে যুক্ত এবং কোথায় এই তক্ষকগুলি পাচার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন বনকর্মকর্তারা। এলাকায় চোরাপাচারকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যপ্রাণী পাচারের মতো ঘৃণ্য কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বনদপ্তর ও পুলিশ যৌথভাবে এই ধরনের কার্যকলাপ রুখতে আরও সক্রিয় হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!