“কুরুচিকর মন্তব্যের” প্রতিবাদে আলিপুরদুয়ারে বিজেপির “পিটুনি দাওয়াই “! জেলা সভাপতি সহ ৫ জনের বিরুদ্ধে FIR | The 4th Column

“কুরুচিকর মন্তব্যের” প্রতিবাদে আলিপুরদুয়ারে বিজেপির “পিটুনি দাওয়াই “! জেলা সভাপতি সহ ৫ জনের বিরুদ্ধে FIR
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ ফেব্রুয়ারি ২০২৬, আলিপুরদুয়ার:

মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারে বিজেপি জেলা কার্যালয় সমীপে সম্রাট শর্মা চৌধুরী নামে এক ব্যক্তির উপর বেধড়ক মারধরের ঘটনায় নিন্দামুখর আলিপুরদুয়ার । অভিযোগের আঙুল উঠেছে আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি মিঠু দাস এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। আলিপুরদুয়ার থানা এই কমপ্লেইন রিসিভ করে আপাতত ফ্যাক্ট চেক করা শুরু করেছে। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলা বিজেপি পার্টি অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ:
অভিযোগকারীর দাবি, ওইদিন কাজ সেরে ফেরার সময় জেলা বিজেপির চার বিশিষ্ট জেলাপদাধিকারী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। প্রাণ বাঁচাতে সম্রাট পাশের একটি সেলুনে আশ্রয় নিলে, অভিযুক্তরা সেখানে ঢুকে তাঁকে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে আনে এবং বেধড়ক মারধর করে। ইতিমধ্যেই এই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । জেলা সভাপতি মিঠু দাসের ” নির্দেশেই ” এই ঘটনা বলে অভিযোগ এনেছেন তিনি।
আঘাত ও লুঠপাট:
মারধরের জেরে তাঁর নাক-মুখ ফেটে রক্ত ঝরতে থাকে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট লাগে বলে লিখিতভাবেই জানিয়েছেন অভিযোগকারী সম্রাট। অভিযোগ, এই সময় তাঁর পকেট থেকে একটি ভিভো স্মার্টফোন, বাইকের চাবি এবং নগদ ২০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। লিখিত এই এজাহারে বিজেপির জেলা সভাপতি ছাড়াও অফিস সেক্রেটারি শংকর সিনহা সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ।

অপরদিকে, বিজেপির অফিস সেক্রেটারি শংকর সিনহা জানিয়েছেন , সম্রাট উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বেশ কিছুদিন ধরে আলিপুরদুয়ার জেলা বিজেপির নামে ” কুৎসা ” প্রচার চালিয়ে যাচ্ছিল । ঘটনার সন্ধ্যায় একইভাবে জেলা পার্টি অফিসের সামনে ভিডিওগ্রাফি করে জেলা পার্টি অফিসে জেলা সভাপতি “মধুচক্র ” চালান বলে অপপ্রচার চালাচ্ছিল । এসব দেখেশুনে “ক্রোধের বহিঃপ্রকাশ” ঘটেছে বলে জানিয়েছেন শংকর । এছাড়াও ভোট প্রাক্কালে তৃণমূলের মদতেই আলিপুরদুয়ার বিজেপিকে বদনাম করতে এইসব চলছে বলে পাল্টা অভিযোগ আনা হয়েছে বিজেপির তরফে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!