আলিপুরদুয়ারের বনছায়ায় পর্যটনের হাতছানি, হোমস্টে তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান | The 4th Column

আলিপুরদুয়ারের বনছায়ায় পর্যটনের হাতছানি, হোমস্টে তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৭ই এপ্রিল:

রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ সোমবার কালচিনি ব্লকের ‘বন ছায়া’ বস্তিতে অনুষ্ঠিত হল হেমস্টে রেজিষ্ট্রেশন ক্যাম্প। এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের মাধ্যমে পর্যটনকে আরও উৎসাহিত করা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক আর বিমলা। এছাড়াও জেলার পর্যটন দপ্তরের অন্যান্য আধিকারিকগণও উপস্থিত ছিলেন। ক্যাম্প চলাকালীন বনছায়া বস্তির দশ জন বাসিন্দাকে হোমস্টে তৈরি করার জন্য মাথাপিছু পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন জেলা শাসক। এই আর্থিক সাহায্য স্থানীয় বাসিন্দাদের তাদের ঘরবাড়িকে পর্যটকদের থাকার উপযোগী করে তুলতে সাহায্য করবে।
অনুষ্ঠানের পাশাপাশি জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকরা এলাকায় নির্মীয়মাণ ছয়টি হোমস্টে পরিদর্শন করেন। হোমস্টেগুলির নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পর্যটনের প্রসারে এই হোমস্টেগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন জেলা শাসক।
পর্যটন দপ্তর সূত্রে খবর, এদিন হোমস্টে তৈরি করার জন্য আরও ১৯ জন বাসিন্দার আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। এই সকল আবেদনপত্র খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বনছায়া বস্তির বাসিন্দারা রাজ্য পর্যটন দপ্তর ও জেলা প্রশাসনের এই উদ্যোগে অত্যন্ত খুশি। তারা মনে করছেন, হোমস্টে চালু হওয়ার ফলে একদিকে যেমন পর্যটকদের কাছে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরা যাবে, তেমনই অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে।
জেলা শাসক আর বিমলা জানান, আলিপুরদুয়ার জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। বনছায়া বস্তির এই হোমস্টে উদ্যোগ সেই প্রচেষ্টারই একটি অংশ। আগামী দিনেও জেলার অন্যান্য প্রান্তে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
পর্যটন দপ্তরের আধিকারিকরা মনে করছেন, এই হোমস্টেগুলি পর্যটকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির শান্ত পরিবেশে থাকার সুযোগের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। এই উদ্যোগ আলিপুরদুয়ারের পর্যটন মানচিত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায়।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!