বাবা মাকে দেখে না ছেলে : আদালতের নির্দেশে পুলিশ নিয়ে আসরে মহকুমা শাসক | The 4th Column

বাবা মাকে দেখে না ছেলে : আদালতের নির্দেশে পুলিশ নিয়ে আসরে মহকুমা শাসক
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১০ সেপ্টেম্বর ২০২৫ :-

ভরণপোষণ না দেওয়ার অভিযোগে এক বৃদ্ধ বাবাকে দোকান থেকে উচ্ছেদ করতে পুলিশ নিয়ে পথে নামতে হল মহকুমা শাসককে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায়। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ছেলে পার্থ প্রতিম সাহা তার বৃদ্ধ বাবা-মাকে ভরণপোষণ দিচ্ছিলেন না। বাধ্য হয়ে বাবা বীরেন্দ্র কুমার সাহা আদালতের দ্বারস্থ হন।
আদালতের নির্দেশে, ছেলে পার্থকে অবিলম্বে বাবার দোকান খালি করে দিতে বলা হয়। এই নির্দেশ কার্যকর করতে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায় পুলিশ বাহিনী নিয়ে পার্থর দোকানে যান। মহকুমা শাসক যখন দোকানের মালপত্র বাইরে বের করতে শুরু করেন, তখন পার্থ পরিস্থিতি আঁচ করতে পেরে মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকদের কাছে ক্ষমা চান।
এরপর আদালত নতুন শর্ত দেয়, যেখানে পার্থকে প্রতি মাসে তার বাবা-মাকে সাড়ে সাত হাজার টাকা করে ভরণপোষণ দিতে হবে। এছাড়াও, বকেয়া চার মাসের টাকাও তাকে এককালীন মিটিয়ে দিতে হবে। এই শর্ত মেনে নেওয়ার পর পরিস্থিতি শান্ত হয় এবং পার্থ তার বাবা-মাকে টাকা মিটিয়ে দেন।
বাবা বীরেন্দ্র কুমার সাহা জানান, “ছেলের কাছে অনেক অনুরোধ করেও লাভ হয়নি, তাই বাধ্য হয়ে আদালতের সাহায্য নিতে হয়েছে। এই বয়সে আর কাজ করার ক্ষমতা নেই।” অন্যদিকে, ছেলে পার্থ প্রতিম সাহার দাবি, “ব্যবসা খারাপ চলছিল, তাই আমি মা-বাবাকে আমার সঙ্গে থাকতে বলেছিলাম, কিন্তু তারা রাজি হননি।”
মহকুমা শাসক দেবব্রত রায় বলেন, “সন্তান বেপরোয়া হলে এমনটাই হয়। মানবিক কারণে পার্থকে একটি সুযোগ দেওয়া হয়েছে। যদি সে আদালতের নির্দেশ না মানে, তাহলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।” এই ঘটনা দেখতে ভিড় জমে যায় সাধারণ মানুষের।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!