ডুবল ট্রান্সফরমার : টানা বৃষ্টিতে বিদ্যুৎহীন ফালাকাটার ১৫০ পরিবার | The 4th Column

ডুবল ট্রান্সফরমার : টানা বৃষ্টিতে বিদ্যুৎহীন ফালাকাটার ১৫০ পরিবার
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ :

শনিবার রাতের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে বিকল হয়ে পড়েছে ফালাকাটা ব্লকের ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাইচেঙ্গা এলাকার একটি ৬৩ কেভির বৈদ্যুতিক ট্রান্সফরমার। এর ফলে এলাকার প্রায় ১৫০টি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
ট্রান্সফরমারটি ২৭ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত, যেখানে বর্তমানে প্রায় বুকসমান জল জমে আছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় সঠিক জল নিকাশি ব্যবস্থা নেই, যার জেরে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। এই জমা জলের কারণেই রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের কর্মীদের মেরামতির কাজ করতে ব্যাপক বেগ পেতে হচ্ছে।
রবিবার দিনভর বিদ্যুৎকর্মীরা চেষ্টা করেও ট্রান্সফরমারটি সচল করতে পারেননি। রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আলিপুরদুয়ারের রিজিওনাল ম্যানেজার, পার্থ প্রতিম মণ্ডল, বলেন, “আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে ট্রান্সফরমারটি মেরামতের কাজ করছি। কিন্তু জমা জলের কারণে কাজে সমস্যা হচ্ছে।”
বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য নিগম চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে জল না নামলে এই সমস্যা সহজে সমাধান হবে না বলে মনে করা হচ্ছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ দফতর যৌথভাবে কাজ করছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!