ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর | The 4th Column

জটেশ্বরের ক্ষীরেরকোটে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা
নিউজ রিপোর্ট: দ্যা ফোর্থ কলাম: ফালাকাটা : ২৫ জুলাই ২০২৬ :-

আলিপুরদুয়ার জেলার জটেশ্বরের ক্ষীরেরকোট রেলক্রসিং সংলগ্ন এলাকায় শনিবার সকালে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর। মৃতের নাম জয়গোপাল সরকার। তাঁর আদি বাড়ি অসমে হলেও বর্তমানে তিনি ফালাকাটায় শ্বশুরবাড়িতে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য কর্মীদের সঙ্গে রেললাইনে কাজ করার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। সেই সময় সামনের দিক থেকে একটি গুয়াহাটি–নিউ জলপাইগুড়িগামী ট্রেন আসতে দেখে তিনি পাশের লাইনে সরে যান। তবে ফোনে ব্যস্ত থাকায় খেয়াল করেননি, পিছন দিক থেকে একই সময়ে নিউ জলপাইগুড়ি–গুয়াহাটিগামী আরেকটি ডাউন ট্রেন দ্রুতগতিতে চলে আসছে।
চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও ময়নাগুড়ি জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মোবাইল ফোনে ব্যস্ত থাকায় পিছন থেকে আসা ট্রেনটির হর্ন বা শব্দ তিনি শুনতে পাননি। ঘটনার প্রকৃত কারণ জানতে রেল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!