মানসিক অবসাদে, বাবার জীবন কেড়ে নিলেন ছেলে | The 4th Column

মানসিক অবসাদে, বাবার জীবন কেড়ে নিলেন ছেলে
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,ফালাকাটা, ৩০ মার্চ ২০২৫:

প্রতীকী ছবি

আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জমরি ঝোরা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার রাতে মানসিক অবসাদে ভুগতে থাকা এক যুবক তার বাবাকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত জগদীশ রায় (৫২) ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছেলে পাপাই রায়কে (নাম পরিবর্তিত) গ্রেপ্তার করেছে ফালাকাটা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে পাপাই রায়ের বিবাহ বিচ্ছেদ হয়। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি এবং তার চিকিৎসাও চলছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পাপাইয়ের মনে বদ্ধমূল ধারণা জন্মেছিল যে তার বিবাহ বিচ্ছেদের সময় তার বাবা জগদীশ রায় সঠিক ভূমিকা পালন করেননি এবং তার স্ত্রীকে বোঝাতে ব্যর্থ হয়েছিলেন। এই কারণে বাবা ও ছেলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
শনিবার রাতে বাবা ও ছেলের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। অভিযোগ, এর পরেই পাপাই রাগের বশে কোনও প্ররোচনা ছাড়াই কাঠের শক্ত বাটাম দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় জগদীশ রায়কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বাবাকে খুনের অভিযোগে অভিযুক্ত ছেলে পাপাই রায়কে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার জানান, ‘প্রাথমিকভাবে আমাদের অনুমান সম্ভবত মানসিক অবসাদে ভুগে ওই যুবক নিজের বাবাকে খুন করেছে। বাকিটা তদন্তে প্রমাণিত হবে।’

পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!