আলিপুরদুয়ারে লরি-সাইকেল সংঘর্ষ: মালদার এক মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত আরও ১ জন | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ এপ্রিল ২০২৬ :

প্রতীকী ছবি

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন মালদা জেলার এক মৎস্য ব্যবসায়ী। মঙ্গলবার সকালে ৩১/সি জাতীয় সড়কের চেপানি চৌপথী সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ব্যবসায়ীর নাম বিধু চৌধুরী। এই ঘটনায় প্রকাশ চৌধুরী নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা জেলা থেকে বিধু চৌধুরী ও প্রকাশ চৌধুরীসহ প্রায় ২০-২৫ জনের একটি দল শামুকতলা রোড এলাকায় ভাড়ায় থেকে মাছের পোনার ব্যবসা করতেন। দীর্ঘ দিন ধরেই তাঁরা এই এলাকায় কর্মসূত্রে বসবাস করছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তাঁরা সাইকেলে চেপে ব্যবসায়িক কাজে কামাখ্যাগুড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ৩১/সি জাতীয় সড়ক ধরে দ্রুতগতিতে আসা একটি সিমেন্ট বোঝাই লরি তাঁদের সাইকেলে সজোরে ধাক্কা মারে।
অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই সাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং বিধু ও প্রকাশ রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা বিধু চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন। আহত প্রকাশ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘাতক সিমেন্ট বোঝাই লরিটিকে আটক করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!