ডিমা ব্রিজের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এক বৃদ্ধার | The 4th Column

নিজস্ব সংবাদদাতা,দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২ মে ২০২৬ :-

আলিপুরদুয়ারের ৩১(সি) জাতীয় সড়কে ফের ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি জলাশয়ে উল্টে যাওয়ায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। মৃতার নাম সারথী ওরাওঁ (৬৩)। এই ঘটনায় শিশুসহ আরও ১০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​জানা গেছে, গত শুক্রবার ১ মে বিকেলে একটি বোলেরো গাড়ি ১২ জন যাত্রী নিয়ে আলিপুরদুয়ারের পানবাড়ি থেকে বানারহাটের নাথুয়ার দিকে ফিরছিল। যাত্রীরা সকলেই একই পরিবারের সদস্য। তাঁরা পানবাড়িতে এক আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে সেখানে গিয়েছিলেন। ফেরার পথে বিকেল ৪টে নাগাদ ডিমা ব্রিজ থেকে ১০০ মিটার দূরত্বে রাস্তার একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাল্টি খেয়ে পাশের জলাশয়ে পড়ে যায়।
​দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত ১০ জনকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তাঁদের মধ্যে সারথী ওরাওঁকে বিকেল ৫টা ২০ নাগাদ ভর্তি করা হলেও সন্ধ্যা ৬টা ৩০ নাগাদ তাঁর মৃত্যু হয়। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মন্ডল জানিয়েছেন, হাসপাতালে ভর্তির অল্প সময়ের মধ্যেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। তাঁর মাথায় গুরুতর চোট ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে বাকিদের চিকিৎসা চলছে।
​ইতিমধ্যেই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আত্মীয়ের শোক কাটিয়ে বাড়ি ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!