ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ, ২৮ কিমি দূরে উদ্ধার হল মূক ও বধির শিশু | The 4th Column

ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ, ২৮ কিমি দূরে উদ্ধার হল মূক ও বধির শিশু
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৯ সেপ্টেম্বর ২০২৫:

— পুলিশ কাকুদের সঙ্গে ছোট্ট রাজদীপ

ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এক ১২ বছরের মূক ও বধির শিশু। এরপর রাতভর খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাননি বাবা-মা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট থানার গোপালপুর চা বাগানে। কিন্তু সোমবার সকালে পুলিশের তৎপরতায় সেই শিশু ফিরে আসে তার পরিবারের কাছে। পুলিশের অনুমান, শিশুটি কোনওভাবে ২৮ কিলোমিটার দূরে ফালাকাটা শহরে চলে গিয়েছিল।
গোপালপুর চা বাগানের নারুয়া লাইনের শ্রমিক শ্যাম গোয়ালা ও তাঁর স্ত্রী জ্যাকলিন গোয়ালার ছেলে রাজদীপ গোয়ালা রবিবার বিকেলে বাড়ির কাছেই একটি ফুটবল খেলা দেখতে গিয়েছিল। এরপর থেকেই সে নিখোঁজ হয়। সারারাত খোঁজাখুঁজির পর যখন বাবা-মা পুলিশের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই ফালাকাটা থানার পুলিশ রাজদীপকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছায়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে ফালাকাটা শহরের রাস্তায় শিশুটিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন ফালাকাটা থানার এসআই তাপস বর্মন। তিনি বুঝতে পারেন শিশুটি পথ হারিয়েছে। কিন্তু শিশুটি মূক ও বধির হওয়ায় তার পরিচয় জানা কঠিন হয়ে পড়ে। এরপর তাকে খাওয়ানোর পর সে ইঙ্গিতে বোঝায় যে গাড়ি করে গেলে সে তার বাড়ি খুঁজে পাবে। এরপরই পুলিশ শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অভিযানে নামে। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় অবশেষে পুলিশ শিশুটিকে তার বাবা-মার হাতে তুলে দেয়।
ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত বাবা শ্যাম গোয়ালা বলেন, “ছেলেকে খুঁজে না পেয়ে আমরা খুবই চিন্তায় ছিলাম। যখন থানায় যাওয়ার কথা ভাবছিলাম, ঠিক তখনই দেবদূতের মতো পুলিশ বাবুরা আমাদের ছেলেকে ফিরিয়ে দিয়ে গেলেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই।” রাজদীপের মা জ্যাকলিন গোয়ালা ছেলেকে বুকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন।
ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য জানান, শিশুটি মূক ও বধির হওয়ায় কাজটা প্রথমে কঠিন হয়ে পড়েছিল। তবে তার ইঙ্গিত বুঝতে পারায় তারা সঠিক পদক্ষেপ নিতে পেরেছিলেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!