নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ :

আলিপুরদুয়ারে নজিরবিহীন নৃশংসতা: বিশেষভাবে সক্ষম কিশোরকে লালসার শিকার বানানোর অভিযোগে গ্রেপ্তার পড়শি যুবক
ফালাকাটা: সমাজের নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছালে এক বিশেষভাবে সক্ষম কিশোরও লালসার হাত থেকে রেহাই পায় না, তার এক নক্কারজনক দৃষ্টান্ত দেখল আলিপুরদুয়ার। ফালাকাটা থানার অন্তর্গত একটি গ্রামে প্রতিবেশী এক যুবকের পাশবিক অত্যাচারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এক বিশেষভাবে সক্ষম কিশোর। এই ঘটনায় অভিযুক্ত ২৭ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই নানা অছিলায় ওই কিশোরকে ফুসলিয়ে তার ওপর যৌন নির্যাতন চালাত। বুধবার নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে গেলে কিশোরটি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। শারীরিক যন্ত্রণায় ছটফট করতে থাকা কিশোরটি শেষ পর্যন্ত আকার-ইঙ্গিতের মাধ্যমে তার পরিবারের সদস্যদের কাছে অভিযুক্তের কুকীর্তির কথা তুলে ধরে। ঘটনার ভয়াবহতা বুঝে কিশোরের পরিবার দ্রুত ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাওয়ামাত্রই সক্রিয় হয় পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারা এবং পকসো (POCSO) আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিত কিশোরকে প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে একটি সরকারি হোমে পাঠানো হয়েছে।
এই ঘটনায় ফালাকাটার ওই গ্রামে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, মানুষের বিকৃত রুচি ও সামাজিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে যা ভাবলে ঘেন্না ধরে যায়। ধৃত যুবককে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে।