ফালাকাটায় পুরানো কুয়োর ধ্বংসাবশেষ উদ্ধার, চাঞ্চল্য | The 4th Column

ফালাকাটায় পুরানো কুয়োর ধ্বংসাবশেষ উদ্ধার, চাঞ্চল্য
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১৮ই এপ্রিল ২০২৫ :-

ফালাকাটা পুরসভার উদ্যোগে স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসের মাঠে একটি শৌচাগার ও স্নানাগার তৈরির কাজ শুরু হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার মাটি খননের সময় শ্রমিকরা বহু পুরোনো দিনের একটি কুয়োর ধ্বংসাবশেষ দেখতে পান।
স্থানীয় প্রবীণ বাসিন্দারাও ওই স্থানে কোনোকালে কুয়োর অস্তিত্ব ছিল বলে স্মরণ করতে পারছেন না। এর ফলে কুয়োটি বহু প্রাচীন কালের বলে অনুমান করা হচ্ছে। ইট ও সুরকি দিয়ে নির্মিত কুয়োটির দেওয়াল প্রায় কুড়ি ইঞ্চি চওড়া। অত্যন্ত দক্ষ কারিগরের হাতে থরে থরে ইট সাজিয়ে দেওয়ালটি গাঁথা হয়েছিল। দীর্ঘ দিন মাটির নিচে চাপা পড়ে থাকার পরেও ইটগুলি অক্ষত রয়েছে।
স্থানীয় পুরসভার কাউন্সিলর অভিজিৎ রায় এই প্রসঙ্গে বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হয়তো বহু প্রাচীন কালে কোনো রাজ আমলে তৈরি করা হয়েছিল। কালের নিয়মে সেটি মাটির নিচে চাপা পড়ে যায়। এলাকার দীর্ঘদিনের বাসিন্দারাও এই কুয়োর ব্যাপারে কিছুই জানাতে পারেননি।”
এই অপ্রত্যাশিত আবিষ্কারে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, কুয়োটির আরও গভীরে হয়তো প্রাচীন কোনো সভ্যতার নিদর্শনও থাকতে পারে। পুরসভা কর্তৃপক্ষ আপাতত খনন কাজ স্থগিত রেখে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের খবর দেওয়া হবে বলে জানা গেছে। তাঁদের মতামত ও অনুসন্ধানের পরই বোঝা যাবে কুয়োটির ঐতিহাসিক গুরুত্ব কতটা। এই ঘটনায় ফালাকাটার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!