‘মা’ ক্যান্টিন এবার ‘অন্নপূর্ণা’! ফালাকাটায় স্বনির্ভর গোষ্ঠীর হিসেব চাওয়া ঘিরে তুমুল উত্তেজনা

ডমরু ধর, নিজস্ব প্রতিনিধি, ফালাকাটা, ১৬ মে ২০২৬: রাজ্যে ক্ষমতা হস্তান্তরের পর এবার বড়সড় বদল আসতে চলেছে পুরসভা পরিচালিত ৫ টাকার সুলভ মূল্যের খাবারের ক্যান্টিনে। পূর্বতন সরকারের ‘মা’ ক্যান্টিন এবার চলতে চলেছে ‘অন্নপূর্ণা’ নামে। আর এই নাম বদলের আবহেই শনিবার দুপুরে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় ক্যান্টিনের হালহকিকত ও আর্থিক হিসেব চাওয়াকে কেন্দ্র করে বিজেপি মহিলা মোর্চা এবং তৃণমূল প্রভাবিত স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে তীব্র রাজনৈতিক বাদানুবাদ ও চাঞ্চল্য তৈরি হলো।
শনিবার ফালাকাটা পুরসভা পরিচালিত স্থানীয় কমিউনিটি হলের ক্যান্টিনটিতে আচমকা পরিদর্শনে যান বিজেপির ফালাকাটা ৫ নম্বর মন্ডলের মহিলা মোর্চার নেত্রী ও সমর্থকরা। অভিযোগ, সেখানে গিয়ে বিজেপি নেত্রীরা ক্যান্টিনের পূর্বতন আর্থিক হিসেব চান এবং খাবারের কুপন বিলিতে কারচুপি সহ চরম অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তোলেন। এই নিয়ে সেখানে উপস্থিত তৃণমূল প্রভাবিত স্থানীয় একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তাঁদের উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। বিজেপির দাবি, দুর্নীতির সমস্ত খতিয়ান ও পুরোনো হিসেব-নিকেশ দিতে ব্যর্থ হয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখান থেকে পালিয়ে যান। এরপরই মহিলা মোর্চার তরফে ফালাকাটার বিডিও আদৃতা সমাদ্দারকে বিষয়টি জানানো হয় এবং ফালাকাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পাল্টা সুর চড়িয়ে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুতপা ভদ্র অভিযোগ করেন, “পুরসভা পরিচালিত ও মনোনীত কোনো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিবর্তন করতে হলে তা নিয়ম মেনে করা উচিত। এভাবে জোর করে জোরজুলুম করে দখল করা যায় না।”
তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বিজেপির ৫ নম্বর মন্ডলের সভানেত্রী তারা ঘোষ সরকার বলেন, “আমরা কোনো দখলদারি করতে যাইনি। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ আসছিল যে, ক্যান্টিন চালানোর নামে ব্যাপক দুর্নীতি হচ্ছে। সরকারে আসার পর এই অনিয়ম খতিয়ে দেখা আমাদের দায়িত্ব। সব জানতে চাওয়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পালালেন কেন? আর কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।” এই ঘটনাকে কেন্দ্র করে ফালাকাটা শহরের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।