ষাট টাকার লটারিতে কোটিপতি ফালাকাটার ভারতী! | The 4th Column

ষাট টাকার লটারিতে কোটিপতি ফালাকাটার ভারতী!
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ফালাকাটা, ৩১ মার্চ ‘ ২০২৫:

অভাবের সংসারে একটানা টানাপোড়েন। একমাত্র রোজগেরে ছেলে রাজমিস্ত্রির কাজ করেন। সম্বল বলতে সামান্য ভিটেমাটি। এই পরিস্থিতিতে সংসারের হাল ফেরাতে নিতান্তই খেয়ালের বশে ষাট টাকার লটারির টিকিট কেটেছিলেন ভারতী বর্মন। আর সেই টিকিটই ভাগ্য খুলে দিল জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ির এই গৃহবধূর। রবিবার রাতে লটারির ফল বের হতেই চক্ষু চড়কগাছ বর্মন পরিবারের। একটি-দুটি টাকা নয়, একেবারে এক কোটি টাকা জিতে নিয়েছেন ভারতী দেবী!
রবিবার বিকেল পর্যন্ত যে বাড়িতে অভাবের স্পষ্ট ছাপ ছিল, সন্ধ্যা গড়াতেই সেখানে আনন্দের বন্যা। প্রথমে তো নিজেদের চোখ-কানকে বিশ্বাস করতে পারছিলেন না ভারতী ও তাঁর পরিবারের সদস্যরা। কায়ক্লেশে বড় মেয়ে জয়শ্রীর বিয়ে দিয়েছেন আগেই। একমাত্র ছেলে বিক্রম দিনভর হাড়ভাঙা খাটুনি করেন। মায়ের কোটি টাকা জেতার খবর পেয়ে সোমবার ছুটে এসেছেন মেয়ে জয়শ্রীও।
নিরাপত্তার কথা ভেবে বিনিদ্র রাত কাটিয়ে সোমবার সকাল হতেই কোটি টাকার লটারির টিকিট নিয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে যান বর্মন পরিবারের সদস্যরা। ভারতী দেবী জানালেন, “দিনে দিনে অভাব যেন চেপে বসছিল সংসারে। ছেলেটা খেটে খেটে হয়রান হয়ে যাচ্ছিল। স্বামীও আর আগের মতো কাজ করতে পারেন না। তাই ভাবলাম একবার ভাগ্য পরীক্ষা করি। মাত্র তো ষাটটা টাকা। শেষ পর্যন্ত ঈশ্বর মুখ তুলে চাইলেন আমাদের দিকে। এখন সংসারটাকে গুছিয়ে নেব।”
ছেলে বিক্রম বর্মন বললেন, “প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ছোটবেলা থেকে অভাবের সঙ্গে লড়াই করতে গিয়ে ঠিকঠাক পড়াশোনাটাও হয়নি। এখন মনে হচ্ছে একটু ভালো দিন আসবে।”
আনন্দ ধরে রাখতে না পেরে ভারতী দেবীর বড় মেয়ে জয়শ্রী বর্মন বলেন, “কী যে আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারব না। ছোটবেলা থেকে দেখেছি মাকে অসম্ভব লড়াই করতে। মায়ের এই জয় আমাদের পরিবারটাকে এক মুহূর্তে বদলে দিল।”
এদিকে, বর্মন পরিবারের কোটি টাকা লটারি জেতার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। অভাবের অন্ধকারে ডুবে থাকা একটি পরিবার যে সামান্য একটি লটারির টিকিটের মাধ্যমে নতুন আলোর সন্ধান পেল, তা সত্যিই এক অবিশ্বাস্য ঘটনা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!