আলিপুরদুয়ারে পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ২
ডমরু ধর, নিজস্ব প্রতিবেদক, দ্য ফোর্থ কলাম, ফালাকাটা, ১১ মে ২০২৬:

জেলায় অবৈধ মাদক ও মদের কারবার রুখতে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ও দেশি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ কার্যকলাপ রুখতে তাদের এই কঠোর নজরদারি জারি থাকবে।
প্রথম ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে আলিপুরদুয়ারের সীমান্ত শহর জয়গাঁয়। গোপন সূত্রে খবর পেয়ে জয়গাঁ থানার পুলিশ পাসাকা রোডের একটি হোটেলে অতর্কিত হানা দেয়। সেখান থেকে বেআইনিভাবে মজুত করা ২৭০ লিটার বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। জয়গাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) নয়ন দাস জানিয়েছেন, উদ্ধার হওয়া ওই বিয়ারের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। লাইসেন্সহীনভাবে বিপুল পরিমাণ মাদক মজুত করার অপরাধে হোটেল মালিক সভিষেক প্রধানকে ( নাম পরিবর্তিত ) হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারত-ভুটান সীমান্ত এলাকায় এই ধরনের অবৈধ কারবার রুখতে পুলিশের এই অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, একটি পৃথক অভিযানে বড় সাফল্য পেয়েছে ফালাকাটা থানার পুলিশ। ফালাকাটার অরবিন্দপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে এসআই সন্দীপন মিত্রের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম হানা দেয়। সেখান থেকে ৩৭.৭৬ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আলিপুরদুয়ার জেলা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, উৎসবের মরসুম বা সাধারণ সময়—জেলার কোথাও যাতে বেআইনি মদের রমরমা না চলে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। পুলিশের এই সক্রিয় ভূমিকায় এলাকায় স্বস্তি ফিরেছে।