নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ মার্চ ২০২৬ :

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জটেশ্বরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
ঘটনার সূত্রপাত রবিবার সকালে। জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুভাষ পল্লি এলাকায় তৃণমূল কর্মীরা লক্ষ্য করেন, নির্বাচনি প্রচারের জন্য লাগানো দলীয় পতাকাগুলি ছিঁড়ে নর্দমায় ও রাস্তার যত্রতত্র ফেলে রাখা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করেছে, তা নিয়ে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করা হয়েছে।
তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি তাপস সরকার অভিযোগ করে বলেন, “নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝতেই পেরে বিজেপি আমাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার মতো নিচ মানসিকতার পরিচয় দিচ্ছে। এই ধরনের ঘৃণ্য কাজ করে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির জটেশ্বর ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা পালটা দাবি করেন, “বিজেপি এই ধরনের রাজনৈতিক অপসংস্কৃতিতে বিশ্বাস করে না। আমরাও এই ঘটনার নিন্দা করছি। তবে আমাদের ধারণা, এটি তৃণমূলের নিজস্ব গোষ্ঠী কোন্দলের ফল। নিজেদের দোষ ঢাকতেই আমাদের ওপর দায় চাপানো হচ্ছে।”
বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।