ঋণের দায়ে অপহরণের নাটক : পুলিশের জালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আধিকারিক
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম,ফালাকাটা, ৩০ আগষ্ট ২০২৫ :

ঋণের ফাঁদ থেকে বাঁচতে অপহরণের নাটক করে পুলিশের জালে জড়িয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC) এক আধিকারিক। বরুণ চৌধুরী ( নাম পরিবর্তিত) নামে ওই আধিকারিক নিগমের ফালাকাটা স্টেশনের ইনচার্জ হিসেবে কর্মরত। ২৪ আগস্ট তিনি ছুটি নিয়ে মালদায় নিজের বাড়ি যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এরপর তার পরিবার ফালাকাটা থানায় জানায়, অপহরণকারীরা তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে ১২ লক্ষ টাকা দাবি করেছে।
পরিবারের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরিবার জানায়, অপহরণকারীদের ২০ হাজার টাকা অগ্রিম মুক্তিপণ হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু বরুণ চৌধুরীর মোবাইল বন্ধ থাকায় তার অবস্থান জানা যাচ্ছিল না। তবে, যে ইউপিআই নম্বর দিয়ে টাকা পাঠানো হয়েছিল, সেই নম্বর থেকেই প্রথম সূত্র পায় পুলিশ। সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে যে অপহরণের ঘটনাটি সাজানো।
তদন্তে জানা যায়, বিভিন্ন কারণে বরুণ চৌধুরী অনেক ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণ শোধ করতে না পেরে বিপদে পড়েছিলেন। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি নিজেই নিজের অপহরণের গল্প তৈরি করে আত্মগোপন করেন। অবশেষে, শনিবার তিনি নিজেই ফরাক্কা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য জানান, “ওই কর্মকর্তার পরিবার আমাদের কাছে অপহরণের অভিযোগ করেছিল। কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে যে কোনো অপহরণের ঘটনা ঘটেনি। পুরোটাই একটি নাটক ছিল। আমরা তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছি।”
এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, “আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না। এই প্রথম শুনলাম।” বরুণ চৌধুরীকে পরে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।