নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ মে ২০২৬ :

ফালাকাটা, ১৩ মে: দিনের আলোয় জনবহুল এলাকায় পুলিশি পরিচয়ে দুঃসাহসিক কেপমারির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফালাকাটা শহরে। বুধবার বিকেলে শহরের হাটখোলা এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার নরেন্দ্র ভাদানি এই প্রতারণার শিকার হন। অভিযোগ, দু’টি বাইকে আসা তিন দুষ্কৃতী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৬ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ নরেন্দ্র ভাদানি তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তিনটি বাইক আরোহী যুবক তাঁর সামনে এসে দাঁড়ায় এবং নিজেদের পুলিশকর্মী হিসেবে পরিচয় দেয়। এলাকায় কোনো অপরাধমূলক ঘটনার তল্লাশি চলছে এমন অজুহাত দেখিয়ে তারা ঠিকাদারকে বিভ্রান্ত করতে শুরু করে। এরপর কার্যত সম্মোহন বা চোখের নিমেষে নরেন্দ্রবাবুর গলার সোনার চেন এবং হাতের আংটি খুলে নিয়ে চম্পট দেয় তারা।
ঘটনাটি ঘটে শহরের মারোয়াড়ী পট্টি এলাকা সংলগ্ন এলাকায়। দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যে নতুন চৌপথির দিকে বাইক নিয়ে পালিয়ে যায়। সম্বিৎ ফিরে পেয়ে নরেন্দ্র ভাদানি বুঝতে পারেন তিনি কেপমারির শিকার হয়েছেন। খবর দেওয়া হয় ফালাকাটা থানায়। দিনের আলোয় শহরের ব্যস্ত এলাকায় এমন অভিনব কায়দায় লুটপাটের ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা এই এলাকায় আগে থেকেই রেইকি করেছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। ফালাকাটা থানার পুলিশ জানিয়েছে, দ্রুত দুষ্কৃতীদের পাকড়াও করতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।