চাল ডাল বাদ দিয়ে এবার নজরে পেঁয়াজ : বুনো হাতির অবাক ডিনার
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ৮ সেপ্টেম্বর ২০২৫ :
আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে এক অবাক করা ঘটনা ঘটেছে। সাধারণত হাতি কলা, মূলো বা আলু খেতে পছন্দ করে বলে জানা যায়। কিন্তু রবিবার গভীর রাতে গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর মালসাগাঁও এলাকায় একটি হাতি শুধু আলু নয়, পেঁয়াজও সাবাড় করেছে।
ঘটনাটি ঘটেছে এলাকার বাসিন্দা প্রদীপ বর্মনের বাড়িতে। পেশায় ছোটো গাড়ির চালক প্রদীপবাবু জানান, তিনি তার গাড়িতে আলু ও পেঁয়াজের বস্তা বোঝাই করে রেখেছিলেন। রবিবার গভীর রাতে ভাঙচুরের শব্দ শুনে তিনি ঘরের বাইরে এসে দেখেন, একটি বিশাল হাতি তার মিনি ট্রাকটি উল্টে দিয়ে আলু ও পেঁয়াজ খাচ্ছে। হাতিটি এমনভাবে ট্রাকের সাথে খেলা করেছে যেন সেটি একটি ফুটবল।
প্রদীপ বর্মন বলেন, “আমি জানতাম হাতি আলু খায়, কিন্তু পেঁয়াজও যে খেতে পারে, তা এই প্রথম দেখলাম।” ট্রাকটি দু’টুকরো করে হাতিটি মনের সুখে সব আলু ও পেঁয়াজ খেয়ে অন্ধকারে মিলিয়ে যায়।
এর আগে হাতির দলটির তিন সঙ্গী মিলে এলাকার আটটি বাড়ি ভেঙে দেয়। সৌভাগ্যবশত, ঘুমন্ত বাসিন্দারা কোনোক্রমে প্রাণে বেঁচে যান। বনদপ্তরের অনুমান, এই চারটি বুনো হাতি জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁওয়ের জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছিল।
এই বিষয়ে বিশিষ্ট হস্তি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়া বলেন, “হাতির পেঁয়াজ খাওয়ার কথা আমি কখনও শুনিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে হাতিদের খাদ্যাভ্যাসে যে পরিবর্তন আসছে, এটি তার একটি বড় প্রমাণ।”
জলপাইগুড়ি বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।