স্কুল যাওয়ার পথে নিখোঁজ দুই বন্ধু: ডুডুয়া নদীতে তলিয়ে মৃত্যু আলিপুরদুয়ারের দুই শিশুর | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ মার্চ ২০২৬ :

আলিপুরদুয়ার: স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল সাত বছরের দুই বন্ধু। কিন্তু কিসের আকর্ষণে তারা স্কুলের বদলে নদীর পাড়ে চলে গিয়েছিল, তা অজানাই রয়ে গেল। মঙ্গলবার ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও চা বাগান এলাকায় ডুডুয়া নদীতে তলিয়ে মৃত্যু হলো অনুপ ওঁরাও (৭) ও সুধীর ওঁরাও (৭) নামে দুই শিশুর। এই মর্মান্তিক ঘটনায় গোটা সরুগাঁও চা বাগান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই শিশু স্নান-খাওয়া সেরে স্কুলের পোশাক পরে বাড়ি থেকে বের হয়। তারা নেপালি বস্তি শিশুশিক্ষা কেন্দ্রের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বেলা সাড়ে ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা তাদের ডুডুয়া নদীতে ডুবতে দেখে চিৎকার শুরু করেন। কিন্তু নদীর তীব্র চোরা স্রোতে মুহূর্তে চোখের সামনেই তলিয়ে যায় তারা। খবর পেয়েই উদ্ধারকাজে ছুটে আসেন জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায়সহ পুলিশ বাহিনী এবং ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়। আলিপুরদুয়ার থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তলব করা হলেও, তারা পৌঁছানোর আগেই বেলা ৩টের মধ্যে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে প্রায় ১ ও ৩ কিলোমিটার দূরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে দেহ দুটি উদ্ধার করা হয়। নদীর পাড়ে তাদের বই ও পোশাক পড়ে থাকতে দেখা গেছে। স্কুলশিক্ষিকা রিক্তা ভৌমিক জানান, ওরা নিয়মিত স্কুলে এলেও আজ অনুপস্থিত ছিল। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ স্থানীয় বাসিন্দারাও। শিশুদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, নদীর স্রোত এতটাই বেশি ছিল যে দেহ দুটি ফালাকাটা ও ধূপগুড়ির সীমানা পর্যন্ত ভেসে গিয়েছিল। ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং বুধবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বাড়ির পাশেই থাকা নদীর এই সর্বনাশা রূপ কেড়ে নিল দুই খুদে প্রাণকে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!