কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর ছবি সুপার ইমপোজ করে ভাইরাল, অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজত
নিউজ ডেস্ক , দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৩শে এপ্রিল ২০২৫ :-
এক ১৯ বছর বয়সী তরুণীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক পরিচিত যুবকের বিরুদ্ধে। তরুণী ওই প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক তার বেশ কিছু ছবি সুপার ইমপোজ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ফালাকাটা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত অজয় দাসকে ( নাম পরিবর্তিত) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অজয় বেশ কিছুদিন ধরে ওই তরুণীকে উত্যক্ত করছিল এবং কুপ্রস্তাব দিচ্ছিল। তরুণী তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে অজয় তার বেশ কিছু ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছে।
সাইবার ক্রাইমের এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।