নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ মে ২০২৬ :

ফালাকাটা: “সত্য কখনো লুকিয়ে থাকে না”— এই প্রবাদকে সামনে রেখেই এবার ফালাকাটা চৌপথি এলাকায় একটি দলীয় কার্যালয়কে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। অভিযোগের তির স্থানীয় কংগ্রেসের দিকে। ফালাকাটা চৌপথির একটি জমিতে অবৈধভাবে কংগ্রেসের পার্টি অফিস তৈরি করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামফ্রন্ট সরকারের আমলে ওই নির্দিষ্ট জায়গায় হীরা ঠাকুর নামে এক ব্যক্তির একটি সেলুন (চুল কাটার দোকান) ছিল। অভিযোগ, তৎকালীন সময়ে ওই ব্যক্তিকে চরম ভয়-ভীতি দেখিয়ে এবং হুমকি দিয়ে তাঁর দোকানটি জোরপূর্বক দখল করে নেওয়া হয়। এরপর রাতারাতি সেখানে গড়ে তোলা হয় কংগ্রেসের দলীয় কার্যালয়। এর ফলে হীরা ঠাকুরের উপার্জনের একমাত্র মাধ্যমটি তাঁর হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়, যা তাঁদের পরিবারকে চরম আর্থিক অনটনের মুখে ঠেলে দিয়েছিল।
ঘটনার বহু বছর কেটে যাওয়ার পর এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর, অবশেষে ন্যায়ের দাবিতে সরব হয়েছেন হীরা ঠাকুরের ছেলে ছোটন ঠাকুর। নিজের বাবার হারানো জমি ও দোকান ফিরে পেতে তিনি এখন আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছেন। ছোটন ঠাকুর ইতিমধ্যেই আলিপুরদুয়ারের এসডিপিও (SDPO), ফালাকাটার বিডিও (BDO), ফালাকাটা থানার আইসি (IC) এবং সর্বশেষ বিএলআরও (BLRO)-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফালাকাটা চৌপতির পুরোনো ব্যবসায়ীদের মুখেও এই ঘটনার সত্যতা মিলেছে। প্রবীণ ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, অতীতে ওই জায়গায় হীরা ঠাকুরের সেলুন ছিল এবং জোর করেই সেটি কেড়ে নেওয়া হয়েছিল। বর্তমানে ছোটন ঠাকুর জানিয়েছেন, তিনি শেষ পর্যন্ত এই আইনি লড়াই লড়বেন এবং প্রশাসনের ওপর আস্থা রেখে বিচার পাওয়ার পূর্ণ আশা রাখছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ফালাকাটা রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
অন্যদিকে , জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এই জমি আশির দশক থেকেই কংগ্রেসের । কাউকে হটিয়ে দিয়ে জায়গা দখল করা হয়নি । বরঞ্চ ব্যবসায়ীদের স্বার্থে রাস্তা সম্প্রসারণ কালে কিছুটা জায়গা পার্টি থেকেই ছেড়ে দেওয়া হয়েছে যাতে তারা ব্যবসা করে খেতে পান । এই অভিযোগ বিলকুল ঝুট। “