ফালাকাটায় চিকিৎসায় চরম গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে তুলকালাম উত্তেজনা।
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১০ নভেম্বর ২০২৬ :-

ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে দুই মাসের এক শিশুপুত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে চরম উত্তেজনা ছড়ায়। মৃত শিশুর পরিবার ফালাকাটা ব্লকের দেওগাঁর বেলতলির বাসিন্দা।
পরিবারের দাবি, শ্বাসকষ্টের সমস্যা থাকায় ৮ নভেম্বর শিশুটিকে বিশেষজ্ঞ চিকিৎসক চন্দন ঘোষের অধীনে ভর্তি করা হয়। পরদিন সকালে শিশুটি সুস্থ বলে ছুটি দেওয়া হলেও, মঙ্গলবার সকালে সে পুনরায় অসুস্থ হয়ে পড়ে। এমারজেন্সিতে কর্তব্যরত চিকিৎসক অভীক সাহা পরীক্ষা করে শিশুটিকে সুস্থ দাবি করে বাড়ি পাঠানোর পরামর্শ দেন। কিন্তু বাড়ি নিয়ে যেতেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি ফের হাসপাতালে আনলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়াতেই চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে ব্যাপক ক্ষোভ ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে অভিযুক্ত চিকিৎসককে নিরাপত্তার স্বার্থে সরিয়ে দেয়। মৃত শিশুর বাবা রাজকুমার মন্ডল অভিযোগ করেন, চিকিৎসকদের চরম অবহেলাতেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। তিনি অভিযুক্ত দুই চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।