নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ :

ফালাকাটা পুলিশের সাফল্য: ৯৫ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার এক মাদক কারবারি
মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার পুলিশ। আলিপুরদুয়ার জেলা পুলিশের এসওজি (SOG) এবং ফালাকাটা থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম মহম্মদ হাসনুর আলম (৩২), তিনি ফালাকাটা থানার গোকুল নগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯শে ফেব্রুয়ারি সকালে গোপন সূত্রে খবর আসে যে ধূপগুড়ি থেকে যাত্রীবাহী বাসে করে মাদক পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে ফালাকাটা থানার পুলিশ ও এসওজি টিম জয়চাঁদপুর এলাকায় ওত পেতে থাকে। সন্দেহভাজন ওই যাত্রীবাহী গাড়িটিকে আটকে তল্লাশি চালাতেই হাসনুর আলমের কাছ থেকে ৯৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই মাদক ধূপগুড়ি থেকে ফালাকাটা এলাকায় বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল।
এই ঘটনায় ১৯/০২/২০২৬ তারিখে এনডিপিএস (NDPS) আইনের ২১(বি) ধারায় ফালাকাটা থানায় ১১৭/২০২৬ নম্বর একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে এবং ঘটনার গভীরে পৌঁছাতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এই মাদক চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।