বুনো হাতির আক্রমণে বিজেপি কর্মীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ফালাকাটা, ২১ মার্চ ‘ ২০২৫ :-

বুনো হাতির আক্রমণে মৃত্যু হলো শুকরা ওরাও নামে এক বিজেপি কর্মীর। শুক্রবার সকালে তার মৃতদেহ বাড়ির পিছনের সেগুন বাগান থেকে উদ্ধার করা হয়। বনদপ্তরের অনুমান, হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ৫৪ বছর বয়সী শুকরা ওরাও গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশে হাতির পায়ের ছাপ এবং শরীরের অবস্থা দেখে বনদপ্তর প্রাথমিক তদন্তে হাতির আক্রমণের কথা জানায়। শুকরা ওরাও ফালাকাটার শালকুমার অঞ্চলের বিজেপি দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার বাড়ি শালকুমার হাট অঞ্চলের ছোট শালকুমার মৌজাতে।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন আলিপুরদুয়ার জেলা বিজেপির জেলা অফিস সেক্রেটারি শংকর সিনহা ও ফালাকাটার বিজেপি কার্যকর্তা জয় সূত্রধর। তারা জানান, দল একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মীকে হারালো।
ঘটনার তদন্তে বনদপ্তর ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। এলাকায় বুনো হাতির আনাগোনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তর স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, স্থানীয় বাসিন্দারা বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সংঘাত কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।