ফালাকাটার জনসভায় তৃণমূলকে হুঁশিয়ারি অমিত শাহের, সরব বন্যপ্রাণী হামলা ও সিন্ডিকেট ইস্যুতে | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ এপ্রিল ২০২৬ :

ফালাকাটা: নির্বাচনী উত্তাপের পারদ চড়িয়ে বুধবার ফালাকাটার মিল রোডের জনসভা থেকে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বিকেলে কাদম্বিনী চা বাগানে ফালাকাটার বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী দীপক বর্মনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে শাহ সাফ জানান, এই ঘটনার মাশুল তৃণমূলের ‘গুন্ডাদের’ গুণতেই হবে। তিনি বলেন, “দীপক বর্মন শুধু আমাদের প্রার্থী নন, তিনি দলের গুরুত্বপূর্ণ নেতা। ৫ তারিখ আমাদের সরকার গঠনের পর সব হিসেবনিকেশ করা হবে।”
এদিনের সভা থেকে স্থানীয় একাধিক জ্বলন্ত ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন লোকালয়ে হাতি ও চিতাবাঘের উপদ্রব নিয়ে বন দপ্তরের ব্যর্থতাকে কটাক্ষ করেন তিনি। শাহের দাবি, বন্যপ্রাণীদের সুরক্ষা ও লোকালয়ে হামলা রোখার ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ, যার ফলে প্রাণহানি এবং ফসল-ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
পাশাপাশি, শীল তোর্সা নদীর বালি ও পাথর পাচার নিয়ে সরব হন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলের ছত্রছায়ায় চলা এই সিন্ডিকেট রাজের কারণেই নদীর গতিপ্রকৃতি নষ্ট হচ্ছে এবং প্রতি বছর বর্ষায় শালকুমার অঞ্চলের সাধারণ মানুষকে বন্যার কবলে পড়তে হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে এই অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। এদিনের সভায় রাজবংশী, উদ্বাস্তু এবং মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!